দীপু মালাকার: আলোকচিত্র সাংবাদিকতায় এক নিষ্ঠাবান পেশাজীবনের উজ্জ্বল পথচলা

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন   |   জীবনের গল্প

দীপু মালাকার: আলোকচিত্র সাংবাদিকতায় এক নিষ্ঠাবান পেশাজীবনের উজ্জ্বল পথচলা

মাসুদ আল হাসান:

 ১৯৯২ সালে পুরান ঢাকায় জন্মগ্রহণ করা দীপু মালাকার বাংলাদেশের একজন প্রখ্যাত পেশাদার ফটো সাংবাদিক। তাঁর পিতা অরুন মালাকার এবং মাতা শান্তি মালাকার। শৈশব থেকেই তিনি সৃজনশীলতা ও পর্যবেক্ষণ ক্ষমতার মাধ্যমে নিজেকে আলোকচিত্রের জগতে গড়ে তোলেন।

দীপু মালাকার বর্তমানে দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলো-তে স্টাফ ফটো সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। ২০১৩ সালে ঢাকার ফোকাস বাংলা নিউজ এজেন্সিতে তাঁর আলোকচিত্র সাংবাদিকতা জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি বাংলানিউজ২৪.কম এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে স্টাফ ফটো সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি সহযোগী আলোকচিত্রী হিসেবে তাঁর কাজ অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি)-তে প্রকাশিত হয়েছে। এছাড়া বিবিসি, সিএনএন, আল জাজিরা, ভয়েস অব আমেরিকা, ডয়চে ভেলে এবং দ্য কোয়ায়েট আমেরিকান ম্যাগাজিনসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর তোলা ছবি প্রকাশিত হয়েছে।

দীর্ঘ পেশাগত জীবনে তিনি দেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিবিড়ভাবে কভার করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রানা প্লাজা ধস, হলি আর্টিজান ক্যাফে হামলা, রোহিঙ্গা শরণার্থী সংকট, জাতীয় নির্বাচন, রাজনৈতিক অস্থিরতা, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং জুলাই অভ্যুত্থান। তাঁর আলোকচিত্রে এসব ঘটনার মানবিক ও বাস্তব চিত্র শক্তিশালীভাবে ফুটে ওঠে।

শিক্ষাজীবনে তিনি ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউওডিএ) থেকে কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট থেকে আলোকচিত্রের ওপর প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০২২ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যালামনাই প্রোগ্রামের আওতায় তিনি যুক্তরাষ্ট্র সফরের সুযোগ লাভ করেন।

পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে দীপু মালাকার একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) প্রদত্ত সেরা ফটো সাংবাদিকতা পুরস্কার ২০২৫, সাগর-রুনি মানবাধিকার ফটো পুরস্কার ২০২৫, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৪-এ বিশেষ সম্মাননা, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ (অনুসন্ধানী সাংবাদিকতা) এবং ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ (শিশু অধিকার)। এছাড়া ইউওডিএ ফটোগ্রাফি প্রদর্শনী ২০১২-এ তৃতীয় স্থান অর্জন করেন এবং ছবি মেলা ১১ আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ও বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতায় (২০২২, ২০২৩ ও ২০২৫) অংশগ্রহণ করেছেন।

তিনি বর্তমানে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য। ২০১৬ সালে ভারতের ত্রিপুরা, আসাম ও মেঘালয় সফরকালে তিনি বাংলানিউজ২৪ ডটকমের জন্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধভিত্তিক একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি নির্মাণ করেন, যা তাঁর কাজের বহুমাত্রিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Advertisement
Advertisement
Advertisement